
প্রবল বৃষ্টিতে তছনছ ডুয়ার্সে একের পর এক চা বাগান। দুর্যোগে ক্ষতির পরিমাণ ১০০ কোটিরও বেশি। প্রবল বৃষ্টিতে নাগরাকাটা, চ্যাংমারি সহ ডুয়ার্সের অন্তত ৪০ টি বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রায় সাড়ে ৯০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তার পর বস্তা চা নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে চা প্ল্যানটেশন করতে ৫ বছরেরও বেশি সময় লেগে যাবে বলছেন চা বাগানের আধিকারিকরা। জল ঢুকে ক্ষতি হয়েছে চা শ্রমিকদের বস্তিতেও। একাধিক বাড়িতে ধস নেমেছে। রাস্তাঘাট থেকে ব্রিজ সবই জলের তোড়ে ভেসে গিয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের হস্তক্ষেপ না পেলে চা শিল্পকে বাঁচানো যাবে না বলে দাবি করেছে বিভিন্ন চা সংগঠনগুলো। এদিকে নাগরাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় শুধুই ধ্বংসের ছবি। রাস্তা, সেতু, ঘরবাড়ি থেকে চাষের জমি সবই কার্যত তছনছ হয়ে গিয়েছে। এদিকে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরদিনই শিলিগুড়িতে ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ অভিযানে নেমেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সংগ্রহ করেছেন শঙ্কর ঘোষ।






