
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারুস আল জুবাইদিকে পালাতে সহায়তা করার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহীকে দোষারোপ করেছে সৌদি আরব।
এই অভিযোগ কেন্দ্র করে সৌদি আরব ও আমিরশাহীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল,এসটিসি প্রধান জুবাইদিকে এডেন থেকে একটি গোপন সমুদ্র ও আকাশপথের অভিযানের মাধ্যমে সরিয়ে নিয়েছে আবুধাবি।জোটের গোয়েন্দা তথ্যে জানানো হয়েছে, ৭ জানুয়ারি মধ্যরাতের পর জুবাইদি তার সঙ্গীদের নিয়ে বামেদহাফ নামক একটি জাহাজে করে এডেন বন্দর ত্যাগ করেন।
সাগরে শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে জাহাজটি সোমালিল্যান্ডের বারবেরা বন্দরে পৌঁছায়।সেখান থেকে জুবাইদি আমিরাতি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের সাথে যোগাযোগ করেন। পরে একটি ইলিউশিন আইএল-৭৬ বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।সৌদি আরবের দাবি, বিমানটি মোগাদিশু হয়ে শেষ পর্যন্ত আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে।









