
আমরা অনেক সময় না চাইলেও অতিরিক্ত খেয়ে ফেলি। বিশেষ করে প্রিয় খাবার সামনে থাকলে নিজেকে ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু এই অভ্যাস আমাদের শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে, যেমন হজমে সমস্যা, ওজন বৃদ্ধি, এমনকি ঘুমের ব্যাঘাতও।
তাই নিচের সহজ কিছু অভ্যাস মেনে চললে আপনি সহজেই অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।খাওয়ার ২০–৩০ মিনিট আগে এক গ্লাস জল খেলে পেট কিছুটা ভরে যায়, ফলে খিদে কমে যায়। এতে কম খাওয়া সম্ভব হয় এবং হজমেও সাহায্য করে।সেক্ষেত্রে প্রথমে ছোট প্লেট ব্যবহার করুন।বড় প্লেটে খাবার নিলে অজান্তেই বেশি খাওয়া হয়।ছোট প্লেট ব্যবহার করলে মনও কম খাবারেই সন্তুষ্ট হয়,একটি কার্যকর মাইন্ড ট্রিক।সঙ্গে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন।ধীরে চিবিয়ে খেলে মস্তিষ্ক সময়মতো বুঝতে পারে পেট ভরে গেছে।দ্রুত খাওয়ার কারণে সেই সংকেত আসে দেরিতে, ফলে আপনি অপ্রয়োজনে বেশি খেয়ে ফেলেন।পাশাপাশি,মনোযোগ দিয়ে খাওয়াটা জরুরি।খাওয়ার সময় টিভি দেখা, ফোন চালানো ইত্যাদি করলে আপনি কতটা খাচ্ছেন তা টের পান না।খাবারের সময় শুধু খাওয়ার দিকেই মন দিন।সেইসঙ্গে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বাড়ান।এই উপাদানগুলো বেশি সময় পেট ভর্তি রাখতে সাহায্য করে, ফলে খিদে কমে এবং অকারণে বারবার খাওয়ার প্রবণতাও কমে যায়। শাকসবজি, ডাল, ওটস, ফল নিয়মিত খান। এছাড়া,খাওয়ার নির্দিষ্ট সময় মেনে চলুন।অনিয়মিত খাওয়ার অভ্যাস থাকলে পরের বেলায় বেশি খাওয়ার প্রবণতা বাড়ে।
তাই সময়মতো ৩ বেলা খাওয়া এবং মাঝে হালকা কিছু স্ন্যাকস রাখুন।আর যদি কখনও একটু বেশি খেয়েই ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না।অন্তত ১৫–২০ মিনিট হালকা হাঁটুন। এতে হজমে সাহায্য হবে এবং শরীরেও ভারী ভাব থাকবে না।









