
বিহারের অর্কেস্ট্রা দল থেকে পশ্চিমবঙ্গের ১০ নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ।ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দু’জন পাচারকারী ও অর্কেস্ট্রা মালিককে।
সূত্র মারফৎ খবর এসেছিল, বিহারের গোপালগঞ্জ জেলার মহম্মদপুর থানা অঞ্চলে কোনও এক অর্কেস্ট্রা ব্যান্ডে আটকে রাখা হয়েছে তিন জন মেয়েকে। এরপরেই বিহার পুলিশের টিম এবং দু’টি এনজিও মিশন মুক্তি ফাউন্ডেশন ও রিলিফ অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশন–র সদস্যরা অভিযান চালায়। উদ্ধার করা হয় ডান্সারদের।পুলিশ সূত্রে খবর, একজন বাদে বাকি সকলেরই বাড়ি পশ্চিমবঙ্গে। কলকাতা, হাওড়া, বিধাননগর, শিয়ালদহ ও মুর্শিদাবাদে ওই নাবালিকাদের বাড়ি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আপাতত তাঁরা সেফ হোমে রয়েছে। আইনি প্রক্রিয়া মিটলে তবে সবদিক বিবেচনা করে তাদের বাড়ি ফেরত পাঠানো হবে। মিশন মুক্তির ডিরেক্টর বীরেন্দ্র সিং বলেছেন, কিশোরীদের মূলত ভোজপুরী অ্যালবাম বা সিনেমায় রোল পাইয়ে দেওয়ার টোপ দিয়ে পাচারকারীরা নিয়ে আসে। তারপর মোটা টাকায় অর্কেস্ট্রা দলের কাছে বিক্রি করে দেয়। ওই মেয়েদের উপর চলতে থাকে মানসিক, শারীরিক ও যৌন নিগ্রহ।
ডিএসপি জানিয়েছেন, প্রায় ৫-৬ বছর ধরে এই সব অর্কেস্ট্রা দলের রমরমা। তারা সামনে অর্কেস্ট্রার ব্যবসা দেখালেও আদতে তার আড়ালে চলে নানা অসামাজিক কাজকর্ম।








