
চ্যাম্পিয়ন্স লিগে উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার সাম্প্রতিক লড়াই।ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে নিয়েছে উয়েফা।লিসবনে অনুষ্ঠিত প্লে-অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারায় বেনফিকাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলের পরপরই মাঠে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।রেফারির কাছে ভিনিসিয়ুস অভিযোগ করেন, তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। উত্তেজনা প্রশমনে সাময়িকভাবে খেলা বন্ধ রাখা হয়। একপর্যায়ে রিয়ালের খেলোয়াড়রা মাঠ ছাড়েন। প্রায় ১১ মিনিট পর পুনরায় ম্যাচ শুরু হয়।রিয়াল শিবিরের দাবি, বেনফিকার আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিওই মন্তব্য করেছেন। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলছেন। এরপরই রিয়াল খেলোয়াড়দের তীব্র প্রতিক্রিয়া।ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পেও অভিযোগের সুরে কথা বলেন। তার দাবি, প্রেস্তিয়ান্নি মুখ আড়াল করে ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন।ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভিনিসিয়ুস।
স্পেনে অতীতেও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া ব্রাজিলিয়ান লিখেছেন, বর্ণবাদীরা শেষ পর্যন্ত কাপুরুষ।উল্লেখ্য,অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন প্রেস্তিয়ান্নি- ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।









