
তামিলনাড়ু-পন্ডিচেরী উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঙ্গাল।মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ফলে শক্তি বাড়িয়ে ফেঙ্গাল-এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর কড়াইকাল ও মহাবলিপুরমের মধ্যে আছড়ে পড়বে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় দাপট দেখাতে শুরু করেছে ফেঙ্গাল। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ুতে। ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই-সহ তামিলনাড়ুর একাধিক জায়গায়। চেন্নাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে আগামী দু-একদিন বিপর্যস্ত হবে জনজীবন। বুধবার থেকে বৃষ্টির দাপট শুরু হওয়ায় কাদ্দালোর জেলা প্রায় স্তব্ধ। উপকূলে জলোচ্ছ্বাস। ঢেউ ১০ ফুট পর্যন্ত উঠছে।নাগাপাত্তিনামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে ত্রাণ শিবিরের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আপাতত। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ চালাতে প্রস্তুত রয়েছে প্রশাসনও।






