
প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রেখেও সুবিধা করতে পারল না লিভারপুল।উল্টো প্রথম শটেই তাদের স্তব্ধ করে দিল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।প্রায় সাড়ে তিন মাস পর গোল করে দলকে অবশ্য একবার সমতায় ফেরালেন মোহামেদ সালাহ। কিন্তু অতিরিক্ত সময়ে আবার গোল খেয়ে হেরে বসেছে আর্না স্লটের দল।
প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে চ্যাম্পিয়নরা।ডিসেম্বরে আসরে প্রথম দেখায় উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলে জিতেছিল লিভারপুল।এবার ঠিক উল্টো ফলে হারলো দলটি।প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর হারল লিভারপুল। আসরে নবম হারের পর, ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।সমান ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ও চার নম্বরে অ্যাস্টন ভিলা।একচেটিয়া চাপ ধরে রেখেও জালের দেখা পাচ্ছিল না লিভারপুল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ পায় তারা। উগো একিটিকের হেড পাস পেয়ে খুব কাছ থেকে শট নেন কোডি হাকপো, কিন্তু বল লাগে ক্রসবারে।৭৫ মিনিটে গোলের জন্য লিভারপুল ১৪টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। আর এই সময়ে উলভারহ্যাম্পটন কোনো শটই নিতে পারেনি।তারাই ৭৮ মিনিটে গোলের জন্য প্রথম প্রচেষ্টাতেই এগিয়ে যায়। প্রতিপক্ষের আরেকটি আক্রমণের চেষ্টা রুখে দিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে, একজনের চ্যালেঞ্জ সামলে দারুণ চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো গোমেজ।পিছিয়ে পড়ার পাঁচ মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে লিভারপুল। প্রতিপক্ষের একটি ভুল পাস ধরে, ডি-বক্সে ঢুকে তাদের দুইজনের মধ্যে দিয়ে শটে গোলটি করেন সালাহ।প্রিমিয়ার লিগে নিজের ১০ ম্যাচ পর অবশেষে গোলের দেখা পেলেন সালাহ।
আসরে শেষ গোল করেছিলেন নভেম্বরে, অ্যাস্টন ভিলার বিপক্ষে। এবারের লিগে তার গোল হলো পাঁচটি।পরে যদিও লিভারপুলের সব পরিকল্পনা আবার গড়বড় করে দেয় উলভারহ্যাম্পটন। ডি-বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রের শটে বল জো গোমেজের পায়ে লেগে একটু দিক পাল্টে আলিসনের ওপর দিয়ে জালে জড়ায়।









