
আমেরিকার টিকটক নিষিদ্ধ হওয়ার আশঙ্কার মধ্যেই শর্টস এডিটিং ফিচার আনার ঘোষণা করেছে ইউটিউব।শর্টসের জন্য নতুন ভিডিও তৈরির টুলের ঘোষণা করেছে এই ভিডিও স্ট্রিমিং জায়ান্ট। শর্টস হচ্ছে সার্ভিসটির শর্ট ফর্ম ভিডিও ফিড, যার মাধ্যমে প্লাটফর্মটি টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে।এসব ফিচার এমন এক সময়ে এলো যখন চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক ৫ এপ্রিলের মধ্যে কোনও আমেরিকান মালিকের কাছে বিক্রি না করলে আমেরিকায় জনপ্রিয় এই অ্যাপটি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।
ইউটিউবের নতুন এসব টুলের মধ্যে রয়েছে আপডেট করা একটি ভিডিও এডিটর,যা নির্মাতাদের ভিডিওগুলোকে সুনির্দিষ্টভাবে সমন্বয় ও এডিট করতে সাহায্য করবে। এটি এমন এক ফিচার, যা বিভিন্ন ভিডিওর কাটকে গানের তাল ও এআইনির্ভর নানা স্টিকারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বসিয়ে দেবে।গুগলের মালিকানাধীন প্লাটফর্ম ইউটিউব বলেছে,নির্মাতাদের জন্য তৈরি এসব টুল পাওয়া যাবে এই বসন্তেই। নতুন ফিচারের পাশাপাশি গত সপ্তাহে ইউটিউব বলেছে, শর্টসের জন্য ভিউ হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনছে তারা।
নতুন নির্দেশিকা অনুসারে, ভিডিওর কোনও ক্লিপ দেখার জন্য ইউজারের ভিউ হিসাব করার আগের যে ন্যূনতম প্লে টাইমের প্রয়োজনীয়তা ছিল নতুন পদ্ধতিতে তা সরিয়ে ফেলবে ভিডিও প্ল্যাটফর্মটি।আগে ইউটিউবের ভিউ কেবল তখনই হিসাব করা হত যখন কোনও ভিডিও নির্দিষ্ট সংখ্যক সেকেন্ডের জন্য চলত। টিকটক ও মেটা তাদের বিভিন্ন রিলের ভিউ হিসাবের মতোই ইউটিউবের এ নতুন পদ্ধতিটি।









