
পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানি।বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুকেশ আম্বানি বলেছেন ২০১৬-য় প্রথমবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সামিল হয়েছিলেন।
ধাপে ধাপে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২০ গুণ। কর্মসংস্থান হয়েছে ১ লাখ মানুষের। বিশ্ববঙ্গ সম্মেলন থেকে বাংলার জন্য ৫টি প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি। বাংলার হস্তশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ করবে তাঁর সংস্থা। এজন্য লন্ডন, নিউইয়র্ক, প্যারিসে স্বদেশ নামে একটি স্টোর খোলার কথাও জানিয়েছেন মুকেশ আম্বানি। সেখানে পশ্চিমবঙ্গের জামদানি, মুর্শিদাবাদের সিল্ক, বিষ্ণুপুরী বালুচরী, মসলিন, তাঁত, কাঁথা স্টিচের কারুকাজ ও শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে। এমনকি দেশীয় খাদ্যদ্রব্যও মিলবে ওই স্টোরে। একইভাবে কালীঘাট মন্দির সংস্কারের আর্থিক সাহায্যের কথাও। তাঁর ঘোষণা এআই রেডি ডেটা সেন্টারের পাশাপাশি দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন। উৎপাদন শিল্পে বাংলায় জোয়ার আনতে গ্রিন এনার্জি বা সৌর বিদ্যুৎ তৈরির ওপর জোর দিয়েছেন মুকেশ আম্বানি। তাঁর কথায় সোনার বাংলার জন্য সোলার বাংলা তৈরির লক্ষ্য তাঁর সংস্থার। সব মিলিয়ে ডিজিটাল উন্নয়নে বাংলাই পূর্ব ভারতকে নেতৃত্ব দেবে বলেই মন্তব্য করেন মুকেশ আম্বানি।
তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ, নজরুল থেকে নেতাজি, সত্যজিৎ রায় যেমন ছিলেন তেমন শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গই যে নবজাগরণের জায়গা সেকথাও উল্লেখ করেছেন।









