
ভোটগণনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ভোট গণনাকেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে কমিশন।
ওই সিদ্ধান্ত তারা নিতে পারে না। এ বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত। তিনি এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে। অন্যদিকে, দ্বিতীয় মামলাটি করতে চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিশ্বরূপ। তাঁর প্রশ্ন, হঠাৎ করে গণনাকেন্দ্রের স্থান বদল কেন করা হচ্ছে? দু’টি বিষয়েই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। দুপুর ২টোয় শুনানির সম্ভাবনা।
আগামী ৪ মে ভোটগণনা। তার আগেই গণনাকেন্দ্র নিয়ে জোড়া মামলা দায়ের হল হাইকোর্টে।









