
দহনজ্বালা থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। চলতি সপ্তাহে গরম আরও বাড়বে।
এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতিবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ চলবে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে আটটি জেলাকে। এই জেলাগুলি হল দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার পরের দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।









