
মুম্বইয়ে বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিচালক অশ্বিণী ধীরের পুত্রের।এই ঘটনায় পরিচালকের পুত্রের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে বুধবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে।
পরিচালকের পুত্রের নাম জলজ ধীর। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছিলেন তিনি।সূত্রের খবর, চার বন্ধুর সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন ১৮ বছরের জলজ ধীর। গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু সাহিল মেন্ডা। অভিযোগ, ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন সাহিল মেন্ডা। আচমকা ভিলে পারলের কাছে ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দেখে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে জলজ ধীরদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জলজ ধীর ও তাঁর বন্ধ সার্থক কৌশিককে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় চিকিৎসাধীন চতুর্থ বন্ধু জিমি। ইতিমধ্যে সাহিল মেন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভিডিও গেম খেলার জন্য রাতে একসঙ্গে থাকার পরিকল্পনা ছিল চার বন্ধুর। একসঙ্গে নৈশভোজও করেছিল তাঁরা।
তারপরই হয়তো লং ড্রাইভে যাওয়ার প্ল্যান হয়। অন্যদিকে, ১৮ বছরের ছেলেকে হারিয়ে শোকবিহ্বল পরিচালক অশ্বিণী ধীর ও তাঁর পরিবার।অতিথি তুম কব যাওগে, সন অফ সর্দার, গেস্ট ইন লন্ডন-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অশ্বিণী ধীর।








