পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্যে এখনও তীব্র তাপপ্রবাহের দাপট জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
শুক্রবার মৌসম ভবন জানিয়েছে, ৫ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, কর্নাটক, তামিলনাড়ু, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের কিছু অংশে। আগামী চার দিন পর্যন্ত তাপপ্রবাহ চলবে তেলঙ্গানা, অভ্যন্তরীণ কর্নাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং ওড়িশায়। কোঙ্কণ, মধ্য মহারাষ্ট্র এবং মরাঠাওয়াড়ায় ৪ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে ৪ মে পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। এছাড়াও চলতি সপ্তাহের শেষে দক্ষিণ রাজস্থানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।মৌসম ভবন জানিয়েছে, শুধু পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ভারতই নয়, এবার উত্তর ভারতের সমতল অঞ্চল এবং মধ্য ভারতেও তাপপ্রবাহের দাপট বাড়বে মে মাস থেকেই।তবে উত্তর-পূর্ব ভারত, উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ এবং মধ্য ভারতের কিছু অংশ ছাড়া দেশের বেশির ভাগ অংশে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হবে।মে মাসে স্বাভাবিক বৃষ্টি হবে বলেও জানিয়েছে মৌসম ভবন। তবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারত, উত্তর-পূর্ব এবং মধ্য ভারতের কিছু অংশে।









