
পুণে, নাসিকের পর মহারাষ্ট্রে পালঘরে কলেজফেরত এক অধ্যাপককে গাড়ি দিয়ে পিষে খুনের অভিযোগ উঠেছে এক মত্ত ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গাড়ি-সহ চালককে গ্রেফতার করেছে আরনালা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কলেজের ছুটির পর কাজকর্ম মিটিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন অধ্যাপক আত্মজা কাসাট। আরনালা সাগরী থানা এলাকায় পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে পিষে গাড়ি নিয়ে চম্পট দিয়েছে চালক। স্থানীয়রা অধ্যাপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। আরনালা থানার ইনস্পেক্টর বিজয় পাটিল জানিয়েছেন, গ্রেফতারের পরে অভিযুক্ত শুভমপ্রতাপ পাটিলের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। দুর্ঘটনার সময় শুভম মত্ত অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং মোটর ভেহিকল অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। পালঘরের এই ঘটনাই স্মৃতি উস্কে দিয়েছে পুণের পোর্শেকাণ্ডের।









