
রাজ্যপালের বাজেট বক্তৃতায় কেন্দ্র বিরোধী কথা ছেটে ফেলা হলেও আর জি করকাণ্ড, যোগেশচন্দ্র চৌধুরি কলেজে পুলিশি নিরাপত্তায় সরস্বতীপুজোর সহ একাধিক বিষয়ের উল্লেখ বিরোধিতা করেছে বিজেপি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যপালকে দিয়ে মিথ্যে ভাষণ পড়িয়েছে রাজ্য। এরাজ্যে উৎসব শান্তিপূর্ণ হয় বলে উল্লেখ করা হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন কেন্দ্রের প্রকল্প জল জীবন মিশন প্রকল্পের নাম বদলে রাজ্যপালকে দিয়ে জল স্বপ্ন প্রকল্পের কথা বলানো হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলকে মেল করে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী যাতে তাঁরা এবিষয়ে হস্তক্ষেপ করেন। রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটলেও রাজ্যপালের ভাষণে নারী সুরক্ষা নিয়ে একটি শব্দেরও উল্লেখ ছিল না। তার প্রতিবাদ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্যপালের ভাষণে কেন অপরাজিতা বিলের প্রসঙ্গ নেই তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্তঃসারশূন্য, দিশাহীন বাজেট বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।
এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে শুভেন্দু অধিকারীর মুখে রাজ্যপালের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল। তিনি দাবি করেছিলেন রাজ্যপাল কেন্দ্র বিরোধী বক্তব্য বাতিল করায়, নতুন বক্তৃতা লিখে পাঠাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।






