
পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো বিস্তারের পথে যে বড়সড় পদক্ষেপ হয়েছে, সেই কথাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর পূর্ববর্তী আবেদনের প্রেক্ষিতে রাজ্যে একাধিক নতুন রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু করার অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে দাবি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর পোস্ট অনুযায়ী, মোট পাঁচটি নতুন রেললাইন প্রকল্পে সবুজ সঙ্কেত মিলেছে।
তার মধ্যে রয়েছে – কাঁথি থেকে এগরা পর্যন্ত নতুন রেললাইন, নন্দকুমার থেকে বলাইপন্ডা পর্যন্ত রেল সংযোগ, নন্দীগ্রাম থেকে কেন্দামারি -নয়াচর পর্যন্ত নতুন লাইন, বোয়াইচণ্ডী থেকে আরামবাগ এবং বোয়াইচণ্ডী থেকে খানা পর্যন্ত দুটি পৃথক রেললাইন প্রকল্প, পাশাপাশি বাঁকুড়া -কলাবতী থেকে পুরুলিয়া হুড়া হয়ে নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা।








