
কলকাতার পর বোলপুর, ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ঘটনায় গুরুতর আহত ৬ জন, এদের মধ্যে দুটি শিশুও রয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সূত্রে খবর, বোলপুরের শ্রীনিকেতন রোডের ওপর এক বহুতলে সোমবার সন্ধ্যা নাগাদ হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে সিলিন্ডার বাস্ট করে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জনবহুল এলাকা হওয়ায় হুলস্থুল পড়ে যায় স্থানীয়দের মধ্যে। আতঙ্কিত আবাসনের বাসিন্দারা প্রাণে বাঁচতে ছাদে উঠে বান। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু তাদের কাছে হাইড্রলিক ল্যাডার ছিল না বলে স্থানীয়দের অভিযোগ। বাঁশের মই লাগিয়েই বহুতল থেকে আক্রান্তদের উদ্ধারের চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের আরও দু’টি ইঞ্জিন। খবর পেয়ে উপস্থিত হন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় ও বোলপুরের এসডিপিও।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বপন নন্দী এবং অঞ্জু নন্দী দুই বাসিন্দার। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় মোট ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আপাতত ওই ফ্ল্যাটটিকে সিল করা হয়েছে।









