
বিদেশে পলাতক অপরাধীদের খোঁজে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে গত অর্থবর্ষে। ঋণখেলাপি বিজয় মাল্য, মেহুল চোকসি, নীরব মোদী বহু বছর ধরে পলাতক।
কেন্দ্রীয় সরকারের একটি সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবর্ষে ভারতের খোঁজে থাকা তাঁদের মতোই ৭১ জন পলাতককে বিদেশে চিহ্নিত করা হয়েছে। গত এক দশকের মধ্যে এই সংখ্যাই সর্বাধিক বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।কেন্দ্রীয় কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে, একই সময়ে অন্য দেশগুলির অনুরোধে ভারতে খোঁজ মিলেছে ২০৩ জন পলাতক বা ওয়ান্টেড ব্যক্তির। শুধু তাই নয়, গত অর্থবর্ষে বিদেশ থেকে মোট ২৭ জন পলাতককে দেশে ফেরানো সম্ভব হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।এই গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিবিআই, যারা ভারতে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো,এনসিবি হিসেবে কাজ করে। এপ্রিল ২০২৪ থেকে মার্চ ২০২৫, এই এক বছরে বিদেশে তদন্ত সংক্রান্ত সহযোগিতা চেয়ে মোট ৭৪টি লেটার্স রোগেটরি পাঠানো হয়। এর মধ্যে ৫৪টি সিবিআইয়ের মামলার সঙ্গে যুক্ত এবং বাকি ২০টি রাজ্য পুলিশের ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে পাঠানো হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির তরফে পাঠানো ৪৭টি লেটার্স রোগেটরি সম্পূর্ণ ভাবে কার্যকর হয়েছে। আংশিক কাজ হওয়ার পর বন্ধ বা প্রত্যাহার করা হয়েছে আরও ২৯টি আবেদন। যদিও ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের কাছে এখনও মোট ৫৩৩টি লেটার্স রোগেটরি ঝুলে রয়েছে। তার মধ্যে ২৭৬টি সিবিআইয়ের এবং ২৫৭টি রাজ্য পুলিশ ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার মামলার সঙ্গে সম্পর্কিত।








