
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের তীব্রতা অনেকটা কমে আসবে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ বন্ধ হবে রবিবার থেকে।
রবিবার থেকে দক্ষিণবঙ্গের সাত জেলা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে আর তাপপ্রবাহের সতর্কতা আপাতত নেই।তবে সোমবার অস্বস্তিকর গরম থাকবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি আটটি জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে রবিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা বেশকিছুটা কমবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ক্রমে এই জেলাগুলিতেও তাপপ্রবাহ বন্ধ হবে বলে অনুমান আবহবিদদের।অন্য দিকে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকলেও শুক্রবার থেকে তাপপ্রবাহ হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। তবে তাপপ্রবাহ বন্ধ হলেও শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে অস্বস্তিকর গরম থাকবে। শনিবার থেকে গরম কমবে উত্তরবঙ্গে। উল্লেখ্য দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে। কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় তার কয়েকদিন পর, ১৯ এপ্রিল থেকে। গত এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলা গুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস।বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এই টানা তাপপ্রবাহের এই পরিস্থিতি গত দেড় দশকে তৈরি হয়নি। এই মরশুমে ন’দিন তাপপ্রবাহ হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। এর আগে ন’দিন তাপপ্রবাহ হয়েছিল ২০০৯ সালে।









