
বাবার বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বেনিয়াপুকুরে। জানা গিয়েছে বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোড এলাকার বাসিন্দা বছর ২৩-র রোশন থাপা নেশাসক্ত ছিলেন। তা নিয়ে প্রায় রোজই বাবার সঙ্গে ঝামেলা হত।
অভিযোগ মঙ্গলবার রাতেও বাবার সঙ্গে ছেলের ঝামেলা বাধে। তখনই ছুরি নিয়ে ছেলেকে কোপাতে থাকেন বাবা রমেশ থাপা। গুরুতর জখম অবস্থায় রোশনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন রমেশ থাপা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।









