
১১ জনের মৃত্যুর পরে ফের কুকি জঙ্গিদের হামলার ঘটনায় উত্তপ্ত মণিপুর।জানা গিয়েছে, পশ্চিম ইম্ফল জেলায় সশস্ত্র কুকি জঙ্গিরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় দু’জন আহত হয়েছেন।
সেই সঙ্গে জিরিবামে একটি দগ্ধ বাড়ি থেকে দুই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে।অন্যদিকে, মঙ্গলবারও কার্ফু চলছে জিরিবাম জেলার বেশ কিছু এলাকায়। গোটা জেলা জুড়েই থমথমে পরিবেশ। অসমের সীমানাবর্তী এই জেলাতেই সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে হামলা চালায় এক দল ব্যক্তি। সিআরপিএফ পাল্টা গুলি চালালে হামলাকারীদের ১১ জন নিহত হয়। কেন্দ্রীয় বাহিনীর অনুমান, নিহতেরা সকলেই কুকি জঙ্গি। এদিকে, ১১ জন গ্রাম স্বেচ্ছাসেবক-এর মৃত্যুতে একাধিক জায়গায় বন্ধ ঘোষণা করেছে কুকি গোষ্ঠীগুলি। কুকি-জো কাউন্সিলের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, সিআরপিএফ জওয়ানদের হাতে শহিদ হয়েছেন ১১ জন গ্রাম সয়ংসেবক।
এই দুঃখজনক ঘটনায় মৃতদের সম্মানে কুকি-জো পরিষদ মঙ্গলবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ বন্ধের ডাক দিয়েছে। এরমধ্যেই তিন ধরে মণিপুরের নানা জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ বাজেয়াপ্ত করেছে নিরাপত্তাবাহিনী।








