
বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া লাগানোয় কেন এই ঢিলেমি, সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে একাধিক প্রশ্ন করেছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সেই প্রশ্নের জবাব দিয়েছেন।
উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত আংশিক ভাবে কাঁটাতারহীন হয়ে রয়েছে। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। কিছু জায়গায় জলাভূমি রয়েছে। ধস-প্রবণ এলাকাও রয়েছে সীমান্তে। কাঁটাতারের বেড়া বসাতে দিচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। কাঁটাতারের বেড়া বসানো একটি দীর্ঘকালীন কাজ। সেক্ষেত্রে আবহাওয়াজনিত প্রতিবন্ধকতাও রয়েছে। আবার জমি অধিগ্রহণে দেরি হওয়াতেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র। গত বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এদেশে। কারণ গত কয়েক মাসে বার বার বেআইনি অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি মালদা-সহ কিছু জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে গেলেও, ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সংঘাত বাধে বাংলাদেশ সীমান্ত প্রহরা বাহিনীর।
সেকথাই জানিয়েছে কেন্দ্র। জমি অধিগ্রহণে সমস্যা হচ্ছে বলে যে যুক্তি দিয়েছে কেন্দ্র, তা শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্য রাজ্যগুলিতেও একই সমস্যা রয়েছে।






