
এবার উত্তরপ্রদেশের উন্নাও থেকে ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যাঁদেরকে জঙ্গি বলে সন্দেহ করছেন উন্নাও পুলিশ। কারণ তাঁরা হোয়াটসঅ্যাপের পরিবর্তে আইএমও-এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অবিচল রেখেছিলেন। অভিযুক্তদের মধ্যে ৩ জন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন। অভিযুক্তদের কাছ থেকে সৌদি আরবের মুদ্রা, ভারতীয় ভুয়ো পাসপোর্ট এবং একাধিক জাল নথি উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, একটি মোবাইল ফোনে ৯০০ টিরও বেশি সিম কার্ড ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত সন্দেহজনক। ধৃত আসামিদের মধ্যে প্রধান অভিযুক্ত আব্দুল জলিলের কাছে মথুরায় তৈরি ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে। তাঁর কাছে আধার কার্ড এবং আইডি কার্ডও রয়েছে। যেখানে তাঁর বাসস্থান হিসেবে দিল্লি উল্লেখিত রয়েছে। এমনকী তদন্তে উঠে এসেছে, দিল্লির সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছিলেন।
যাতে প্রমাণিত, তিনি অবৈধ ভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের বাংলাদেশের একটি ইসলামি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এই মামলা উন্নাও পুলিশের কাছে নেই, গোয়েন্দা ব্যুরো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড দলগুলিও মামলাটি তদন্ত করছে।






