
পাঞ্জাবে যে কোনও দিন পতন হতে পারে আপ সরকারের। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পাঞ্জাবের কংগ্রেসের নেতা প্রতাপ সিং বাজওয়া। যদিও বাজওয়ার দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। কটাক্ষের সুরে তিনি বলেছেন, কেউ জেগে স্বপ্ন দেখলে, কিছু করার নেই। পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেছেন, আপের ৩২ বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
যে কোনও দিনই মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের সরকারের পতন ঘটতে পারে। বিরোধি দলনেতার ওই মন্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব বিধানসভা ভোটে কংগ্রেসকে ক্ষমতা থেকে হঠিয়ে কুর্সি দখল করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যদিও পাঞ্জাবে আপ সরকারের পতনের জন্য কংগ্রেস কোনও চেষ্টা করবে না বলেও জানিয়েছেন প্রতাপ সিং বাজওয়া।
তাঁর কথায়, সরকারের কাজকর্মের গঠনমূলক সমালোচনা চালিয়ে যাবে কংগ্রেস। তবে বিজেপি সরকার ভাঙার চেষ্টা চালাবে।









