
লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। তাঁর নিরাপত্তায় গাফিলতির কথা উল্লেখ করে বিবত দিয়েছে বিদেশমন্ত্রক। পাশাপাশি ব্রিটেনকে দ্রুত এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ব্রিটিশ সফরে লন্ডনে পা রাখেন জয়শঙ্কর।
বুধবার লন্ডনের চ্যাথাম হাউসের সামনে খালিস্তানপন্থী হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান। বিক্ষোভ দেখিয়ে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা। জানা গিয়েছে, বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা।
বিদেশমন্ত্রী কর্মসূচি শেষে বেরনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান। এরপর তাঁর কনভয়ের সামনেই পতাকা ছিঁড়ে দেওয়া হয়। বিদেশমন্ত্রীর মতো ভিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি রয়েছে তা এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে।







