
বেঙ্গালুরুর পদপিষ্ট-কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করতে এসে কুম্ভমেলার প্রসঙ্গ টেনেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মনে করিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলাতেও বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। তবে একই সঙ্গে তিনি বললেন, দু’টি ঘটনার মধ্যে তুলনা টানতে চান না তিনি। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর অবশেষে ১৮ তম আইপিএল জিতেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিরাট কোহলিদের সঙ্গে উৎসবে শামিল হতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে ধাক্কাধাক্কিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৩৩ জন। স্টেডিয়ামের লোকধারণ ক্ষমতা মাত্র ৩৩ হাজার। কিন্তু সেখানে দু’লক্ষের বেশি মানুষ প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
তার ফলে স্টেডিয়ামের ছোট দরজা ভেঙে যায়। তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি। এই ঘটনায় বিজেপির তোপের মুখে পড়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। এরপরই সিদ্দারামাইয়া সুকৌশলে কুম্ভমেলার প্রসঙ্গ টানলেন কি না, তা নিয়ে কর্নাটকের রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।








