
মাঝ আকাশে বিপত্তি দেখা দেওয়ায় তড়িঘড়ি দিল্লি ফিরেছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১১১ লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কয়েক ঘণ্টা পরই ফেরার সিদ্ধান্ত নেন পাইলটরা।
এয়ারবাস এ৩৫০-৯০০ মডেলের এই বিমানে মাঝআকাশে সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা করা হচ্ছে। ঠিক কী সমস্যা হয়েছিল তা বুঝতে সময় লাগবে। বিমানে থাকা অনেকে বলছেন, সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। এর পরই পরিস্থিতি খতিয়ে দেখে পাইলটরা দ্রুত দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন।









