
বাজেটের মতো এক সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিশানা করে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ধুন্ধুমার লোকসভা।
বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ট্রেজারি বেঞ্চের দিক থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল। এমন সময়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতি বঞ্চনা করা হয়েছে। এরপরই সৌমিত্র খাঁয়ের দিকে উদ্দেশ করে তিনি বলেন, ঠিক যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন। এরপরেই সৌমিত্র খাঁ-সহ বিজেপি সাংসদদের কয়েকজন ওয়েলে নেমে পড়েন। সেই সময়ে স্পিকারের আসনে বসেছিলেন সাংসদ দিলীপ সাইকিয়া। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য লোকসভার রেকর্ড থেকে বাদ যাবে। সৌমিত্র খাঁকেও তাঁর আসনে ফিরে যেতে বলেন স্পিকার। এরমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা সভায় উপস্থিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে উদ্দেশ করে বলেন, তিনি বলছেন সংসদের যিনি সদস্য নন তাঁর সম্পর্কে সংসদে কিছু বলা যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সভার সদস্য নন। কেন তাঁর নাম করা হচ্ছিল এখানে। সুতরাং বিজেপি সাংসদদের ক্ষমা চাইতে হবে। স্পিকার ওম বিড়লা সব শুনে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে নির্দেশ দিতে পারেন না। বিধানসভায় আরজেডির মহিলা বিধায়ককে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।বাদল অধিবেশন চলছে বিহার বিধানসভায়।









