
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে দেশের প্রথম সারির প্রযুক্তি সংস্থার সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লোক কল্যাণ মার্গের বাসভবনে আয়োজিত এই আলোচনার মূল লক্ষ্যই ছিল কীভাবে ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বমঞ্চে স্বনির্ভর করে তোল যায়। কীভাবে ভারত এই খাতে গোটা বিশ্বে অগ্রণী ভূমিকা নিতে পারে তা নিয়েও বিশদে আলোচনা হয়। সামনেই আসছে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট।
তার আগে এই বৈঠকে অংশগ্রহণকারী প্রযুক্তিবিদরা ভারতকে এআই প্রযুক্তির হাব হিসেবে গড়ে তোলার জন্য সরকারের এই নিরন্তর প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। বৈঠকে ভারতের ডিজিটাল সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ইউপিআই-এর মাধ্যমে ভারত যেমন বিশ্বকে ডিজিটাল লেনদেনের পথ দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও সেই একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে হবে বলেই মনে করছেন তিনি।








