
পাকিস্তানের ছোড়া গোলায় জম্মুর উধমপুরে মৃত্যু হয়েছে ভারতীয় বায়ুসেনার চিকিৎসাকর্মী সুরেন্দ্র কুমারের। রাজস্থানের ঝুনঝনুর বাসিন্দা ছিলেন সুরেন্দ্র কুমার।
বাড়িতে রয়েছেন সুরেন্দ্রর স্ত্রী এবং তাঁর দুই সন্তান। তাদের একজনের বয়স আট, অন্য জনের পাঁচ। ১৪ বছর ধরে বায়ুসেনার চিকিৎসাকর্মী হিসাবে কর্মরত ছিলেন তিনি। উধমপুরে বায়ুসেনার ৩৯ উইং এর সদস্য ছিলেন সুরেন্দ্র। তাঁর কাকা জানিয়েছেন, গত এপ্রিলেই ছুটিতে বাড়িতে ফিরেছিলেন সুরেন্দ্র। পরিবারের সঙ্গে কিছু দিন সময় কাটিয়ে ১৫ এপ্রিল আবার কাজে যোগ দেন। সম্প্রতি একটি বাড়িও বানান সুরেন্দ্র। কাজে যোগ দেওয়ার দু দিন আগে গৃহপ্রবেশও হয়। সুরেন্দ্রর বাবা শিশুপাল সিআরপিএফে ছিলেন।








