
কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনবার ফেল, শুনতে অবাক লাগলেও, এমন ঘটনা নিজের মুখে স্বীকার করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। এই মুহূর্তে নতুন ছবি ভূত বাংলা’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেই প্রচারের ফাঁকেই শেয়ার করেছেন ছোটবেলার এক মজার স্মৃতি, যা শুনে ফ্যানরাও বেশ চমকে গেছেন।
অক্ষয় জানিয়েছেন, কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত এক বন্ধুর সঙ্গে এক সঙ্গেই পড়াশোনা করেছেন। সেই সময়ের মধ্যে তিনবার ফেল করেছিলেন তিনি,শুধু তাই নয়, তার সেই বন্ধু মজার ছলে বলেছেন, অক্ষয়ের সঙ্গে বেশি মেলামেশা করার ফলেই নাকি তিনিও ফেল করেছিলেন। আসলে পড়াশোনার চেয়ে দুষ্টুমি আর ঘোরাঘুরিতেই ছিল বেশি আগ্রহ। দু’জনে মিলে সারা শহর সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতেন। এমনকি রাস্তায় কোনো সুন্দরী দেখলে নাকি অক্ষয়ের আচরণও বদলে যেত, সঙ্গে সঙ্গে থেমে যেতেন অক্ষয়। ছবির মুক্তি নিয়েও ছিল কিছু জটিলতা। আগে ১০ এপ্রিল ভূত বাংলা মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে।
শোনা যায়, ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবির সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সহ-প্রযোজক একতা কাপুর জানান, অন্য ছবিটি তখনও প্রেক্ষাগৃহে ভালো চলছিল, তাই সময় বদল করাই সঠিক সিদ্ধান্ত। ধুরন্ধর এখনও বক্স অফিসে সফলভাবে চলছে, যা ইন্ডাস্ট্রির জন্য খুব খুশির খবর। তাই ভূত বাংলা ছবিটা পিছিয়ে গেলে, শেষ পর্যন্ত দুটো ছবির পক্ষেই তা ভালো হবে। উল্লেখ্য,ভূত বাংলা-তে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাবু এবং ওয়ামিকা গাব্বি।









