
পৃথিবীর বাইরে, মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালানোর কথা ভাবছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি বলছেন, আগামী পাঁচ বছরের মধ্যে মহাকাশে থাকা এআই কম্পিউটারের ক্ষমতা পৃথিবীর সব কম্পিউটারকে ছাড়িয়ে যাবে।
সম্প্রতি এক পডকাস্ট আলোচনায় ইলন মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই এআই বসানোর জন্য সবচেয়ে সস্তা ও সুবিধাজনক জায়গা হবে মহাকাশ। তার মতে, আগামী ৩০ থেকে ৩৬ মাসের মধ্যেই পৃথিবীর চেয়ে মহাকাশে এআই চালানো বেশি লাভজনক হয়ে উঠবে। কারণ, মহাকাশে সূর্যের আলো বেশি শক্তিশালী এবং জায়গার সীমাবদ্ধতাও নেই।এই পরিকল্পনার অংশ হিসেবে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স মহাকাশে প্রায় ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি চেয়েছে। এসব স্যাটেলাইট হবে সৌরশক্তিচালিত এবং একে অন্যের সঙ্গে লেজার সংযোগে যুক্ত থাকবে। মূলত এগুলোই হবে ভাসমান বা কক্ষপথের ডেটা সেন্টার,ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণের কেন্দ্র।স্পেসএক্স বলছে, মহাকাশে সৌর প্যানেল পৃথিবীর তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি কার্যকর। পাশাপাশি, মহাকাশের শূন্য পরিবেশে স্বাভাবিকভাবেই যন্ত্র ঠান্ডা থাকে, যা বড় কম্পিউটারের জন্য ভালো। এরই মধ্যে আমেরিকার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এফসিসি এই প্রস্তাব গ্রহণ করেছে এবং জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।তবে সবাই এই ধারণা নিয়ে একমত নন।
কিছু বিশেষজ্ঞ বলছেন, মহাকাশে কম্পিউটার মেরামত করা, যন্ত্র আপডেট দেওয়া বা দীর্ঘদিন ঠিকভাবে চালানো কঠিন হবে।তবে ইলন মাস্কের এই পরিকল্পনা বাস্তব হলে প্রযুক্তির দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু হতে পারে যেখানে এআইয়ের বড় অংশই থাকবে পৃথিবীর বাইরে, মহাকাশে।









