
অস্কারজয়ী অভিনেত্রী ও প্রাক্তন বন্ডকন্যা হ্যালি বেরি অবশেষে বাগদানের খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ছ’ বছরের প্রেমিক, গ্র্যামিজয়ী সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রস্তুতির কথা নিজেই প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় টক শো দ্য টুনাইট শো স্টার্টিং জিমি ফ্যালন-এ হাজির হয়ে এই সুখবর দিয়েছেন হ্যালি। একই সঙ্গে বাগদান ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজবও পরিষ্কার করেছেন তিনি।এত দিন শোনা যাচ্ছিল, ভ্যান হান্ট নাকি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হ্যালি তাতে সাড়া দেননি। অনুষ্ঠানে সেই ধারণাকে স্পষ্টভাবে ভুল প্রমাণ করেছেন অভিনেত্রী।হ্যালি বলেছেন, অনেকে মনে করে, সে আমাকে প্রস্তাব দিয়েছিল আর আমি না বলেছিলাম। কিন্তু আমি কখনোই তাকে না বলিনি।আমরা এখনো বিয়ের তারিখ ঠিক করিনি। তবে এটুকু নিশ্চিত,আমি ওকেই বিয়ে করতে যাচ্ছি।বাগদানের ঘোষণার সঙ্গে সঙ্গে আলোচনায় আসে হ্যালির আংটিও। অনুষ্ঠানের সঞ্চালক জিমি ফ্যালন দুজনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তোমরা দারুণ এক জুটি।এই আংটি প্রথম নজরে আসে লন্ডনে হ্যালির নতুন ছবি,ক্রাইম ১০১-এর একটি স্ক্রিনিংয়ে।পরে নিউইয়র্কের একটি প্রেস ইভেন্টেও সেটি দেখা যায়। যদিও আংটির ডিজাইনারের নাম প্রকাশ করা হয়নি,তবে গয়না বিশেষজ্ঞদের মতে, এর নকশায় আধুনিকতার চেয়ে ক্লাসিক রুচিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। উল্লেখ্য,হ্যালি বেরি ও ভ্যান হান্টের পরিচয় ২০২০ সালে, করোনাকালীন সময়ে। ভ্যান হান্টের ভাইয়ের মাধ্যমে টেক্সট মেসেজে তাঁদের প্রথম যোগাযোগ হয়। সে সময় ভ্যানের ভাই হ্যালির মেনোপজকেন্দ্রিক ওয়েলনেস ব্র্যান্ড রেসপিন-এর সঙ্গে কাজ করতেন।দীর্ঘদিন ফোনালাপ ও বার্তালাপের পর তাঁরা প্রথম সরাসরি দেখা করেন।একই বছরের সেপ্টেম্বরেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দু’জন।২০২৫ সালের এক সাক্ষাৎকারে ভ্যান হান্ট জানিয়েছিলেন, হ্যালির কাছে তাঁর বিয়ের প্রস্তাব তখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।তবে হ্যালি বেরির অতীত সম্পর্কের ইতিহাস বিবেচনায় তাঁর সতর্কতা অনেকের কাছেই স্বাভাবিক বলে মনে হয়েছে। এর আগে তিনি তিনবার বিয়ে করেছেন প্রাক্তন এমএলবি খেলোয়াড় ডেভিড জাস্টিস, সংগীতশিল্পী এরিক বেনেট ও অভিনেতা অলিভিয়ে মার্টিনেজকে। তবে ভ্যান হান্টের সঙ্গে ছ’ বছরের স্থিতিশীল ও পরিণত সম্পর্ক তাঁকে নতুন করে আত্মবিশ্বাসী করেছে বলেই ধারণা করছেন ঘনিষ্ঠজনরা।উল্লেখ্য, হ্যালির তুলনায় ভ্যান হান্ট তুলনামূলকভাবে কম পরিচিত নাম হলেও সংগীতজগতে তাঁর প্রভাব যথেষ্ট। ৫৫ বছর বয়সী এই শিল্পী একজন গায়ক, গীতিকার ও মাল্টি–ইন্সট্রুমেন্টালিস্ট।
২০০৭ সালে ফ্যামিলি অ্যাফেয়ার গানের আবেগঘন পরিবেশনার জন্য গ্র্যামি পুরস্কার জেতেন তিনি। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত অ্যালবাম আটটি ও দুটি ইপি। শেষ অ্যালবাম,আ হার্ট ফুল অব কোশ্চেনস মুক্তি পেয়েছে ২০২৫ সালের মে মাসে।









