
পুলিশি হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আশাকমীরা। একইসঙ্গে কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
স্বাস্থ্যভবনে আলোচনার জন্য ডেকে যেভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে তার দায় সম্পূর্ণ প্রশাসনের। ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, বকেয়া ইনসেনটিভমেটানো সহ ৮ দফা দাবিতে বুধবার সকাল থেকেই আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তপ্ত ছিল পরিস্থিতি। কোথাও ট্রেন থেকে নামিয়ে, কোথাও আবার বাস আটকে আশাকর্মীদের কলকাতায় যেতে বাধা দেওয়া হয়। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশনেও আটকে দেওয়া হয় তাঁদের। এরপরে কলকাতার দুই প্রান্ত সল্টলেক এবং ধর্মতলা চত্বর আশাকর্মীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে। দফায় দফায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
এরপর বিকেলে আশাকর্মীদের দাবি শোনার জন্য তাঁদের চারজন সদস্যকে স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়। এদিকে আশাকর্মীদের জমায়েতের কোনও অনুমতি ছিল না বলে দাবি করেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।






