
ঋতুমতী মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশে বাধা বৈষম্য নয়! সুপ্রিম কোর্টে লিখিত হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার।
সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা কোনওভাবেই বৈষম্য বা অপবিত্রতার ধারণা থেকে নয়, বরং ভগবান আইয়াপ্পা-র নৈষ্ঠিক ব্রহ্মচারী রীতি এবং মন্দিরের প্রাচীন আচার রক্ষা করা। কেন্দ্রের দাবি, এই বয়সসীমার মহিলাদের প্রবেশ অনুমোদন করা হলে শবরীমালা মন্দিরের মূল উপাসনা পদ্ধতি এবং দেবতার ঐতিহ্যবাহী রূপ বদলে যেতে পারে, যাতে সংবিধান স্বীকৃত ধর্মীয় বহুত্ববাদের উপর প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
এদিকে, প্রধান বিচারপতি সূর্য কান্ত-র নেতৃত্বে সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে ৭ এপ্রিল থেকে। শুধু শবরীমালা নয়, বিভিন্ন ধর্মীয় স্থানে মহিলাদের প্রবেশাধিকারের প্রশ্ন এবং ধর্মীয় স্বাধীনতার সীমা নিয়েও শুনানি হবে।








