
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলের ট্রফি উদযাপনের মিছিলে একটি গাড়ি উঠে গেলে মুহূর্তে বিষাদের ছায়া নেমে আসে লিভারপুল শহরে। এই ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রিপোর্টে বলা হয়েছে,সোমবার সন্দেহভাজন ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক লিভারপুল সমর্থকদের ভিড়ের ওপর গাড়ি তুলে দেয়।
পরে লিভারপুল এরিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তি একজন ব্রিটিশ এবং লিভারপুলের স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সন্দেহভাজনের কর্মকাণ্ড এবং এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, একটি গাঢ় রঙের গাড়ি লিভারপুল ফুটবল দলের ট্রফি প্যারেড চলাকালে হঠাৎ উল্লসিত ফ্যানদের ভিড়ের মধ্যে সজোরে ঢুকে পড়ে।এতে একাধিক ব্যক্তি ছিটকে পড়েন। গাড়ি থামার পর ক্ষুব্ধ জনতা চালককে লক্ষ্য করে হামলা চালাতে গেলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে ২০ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গাড়ির নিচে আটকে পড়েন একটি শিশুসহ চারজন।এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে শহরের রাস্তাজুড়ে হাজার হাজার লিভারপুল সমর্থক নাচে-গানে, পতাকা আর লাল ধোঁয়ার মধ্য দিয়ে উদযাপন করছিলেন প্রিয় দলের ট্রফি সেলেব্রেশন ।







