
সাক্ষ্য প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। অন্ধ্রপ্রদেশে অনিয়মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
সম্প্রতি অভিযোগ উঠেছিল, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন গৌতম আদানিরা।নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয় অন্ধ্রপ্রদেশের এক শীর্ষ আমলার বিরুদ্ধে। ভারতীয় শিল্পপতি-সহ মোট সাত জনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও ঘুষ দেওয়ার মামলা দায়ের হয় মার্কিন আদালতে। সেই মামলা শুনানিতে গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি-সহ আরও দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আমেরিকা।তার দেড় মাস পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, যথাযথ প্রমাণ ছাড়া সরকার কখনওই আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল করতে পারবে না।
তাই যতক্ষণ সাক্ষ্য প্রমাণ হাতে আসছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।






