
আবারও রণক্ষেত্র বীরভূমের লাভপুর। গ্রাম দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাথিরা গ্রামে। শুক্রবার রাতভর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে।
এরইমধ্যে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ যুবকের। জখম হয়েছেন আরও ৩ জন। বোমায় হাত উড়ে গেছে একজনের। নকল কয়েন তৈরির জন্য কুখ্যাত হাথিরা গ্রাম। এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে নকল কয়েন তৈরির কারবারিদের মধ্যে সংঘর্ষ বাধে। একদিকে শেখ মইনুদ্দিন ও তাঁর ঘনিষ্ঠ শেখ মুস্তাফি অন্যদিকে শেখ মনির গোষ্ঠীর মধ্যে রাতভর সংঘর্ষ চলে। দুই পক্ষের বোমাবাজিতে মৃত্যু হয় স্থানীয় তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে এবং স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে।
আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছর মার্চে এই হাথিয়ারেই অস্ত্র কারখানার খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছুঁড়তে হয় পুলিশকে।









