
ফেঙ্গলের জেরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাংশ। একনাগাড়ে বৃষ্টির ফলে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। তিরুবন্নামলইতে ধস নেমে ভেঙে গিয়েছে একের পর এক বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে অনেকের।
একই পরিবারের সাত জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে তামিলনাড়ু প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গল। রাতভর চলেছে ঝড় এবং বৃষ্টির তাণ্ডব। রবিবার সকালেই অবশ্য তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এখনও তার প্রভাব রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে তামিলনাড়ুর উপকূল এলাকা এবং পুদুচেরির বিস্তীর্ণ অংশে। তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও। প্রবল বৃষ্টির কারণে তিরুবন্নামলইতে আচমকা ধস নেমেছে। কাদামাটিতে ধসের ফলে বসে গিয়েছে রাস্তার একাংশ।উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ।
নামানো হয়েছে সেনাবাহিনীও। উদ্ধারকাজের তদারকি করছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে ব্যাপক ক্ষতি হয়েছে পুদুচেরীতে।চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, পুদুচেরীর সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।








