
আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত পলাতক মেহুল চোকসির পুত্র রোহন চোকসির বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর, তাঁকে ‘ফেরার’ ঘোষণা করা হতেও পারে।
বর্তমানে আমেরিকায় রয়েছেন রোহন। ২০১৮ থেকে আর্থিক প্রতারণা মামলায় এতদিন কোনও এফআইআর বা চার্জশিটে রোহনের নাম উল্লেখ ছিল না। এর আগেও রোহনের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ তুলেছিল ইডি। তবে জানা যাচ্ছে সম্প্রতি যে প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে তাতে আর্থিক প্রতারণার সঙ্গে রোহনের যোগসূত্র পাওয়া গিয়েছে । ইডির দাবি , অর্থপাচারে সক্রিয় ভাবে জড়িত ছিলেন রোহন। তবে তাঁর নাম কোনও এফআইআর বা চার্জশিটে উল্লেখ ছিল না।
প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুল চোকসীর বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারি মাসে ভারত ছেড়ে পালিয়ে যান চোকসী। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি। সম্প্রতি বেলজিয়ামে দেখা যায় তাকে।








