
আপের রাজ্যসভা সাংসদ অশোককুমার মিত্তলের মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ে হানা দিয়েছে ইডি। বুধবার পঞ্জাবের ফাগওয়াড়ায় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান ইডির আধিকারিকেরা। ওই সাংসদের মালিকানাধীন আরও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
রাঘব চাড্ডাকে সরিয়ে কিছু দিন আগেই অশোককে রাজ্যসভার উপদলনেতা করেছে আপ। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা আইন বা ফেমা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি চলে অশোকের বাড়িতেও। পাঞ্জাবে ইডির এই তল্লাশি অভিযান নিয়ে মুখ খুলেছেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন। কিন্তু পাঞ্জাবের মানুষ এটা বরদাস্ত করবেন না। তাঁরা বিজেপিকে সমুচিত জবাব দেবেন। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পঞ্জাবে বিধানসভা ভোট হওয়ার কথা।






