
ইউরোপকে ব্ল্যাকমেল করা যাবে না বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডকে ঘিরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিষয়ে ইউরোপের নেতারা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা নিয়ে আলোচনা চলার মধ্যেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এ কথা বলেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের তার প্রস্তাবের বিরোধিতা করলে ফেব্রুয়ারি মাসে আমেরিকার আট মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। এই দেশগুলো হলো,ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ব্রিটেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অঞ্চলটি নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। তার এই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
যেসব দেশকে শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে, তারা একসঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা পরিস্থিতিকে একটি বিপজ্জনক নিম্নমুখী পথে ঠেলে দিতে পারে। বিবৃতিতে আরো বলা হয়েছে, শুল্কের হুমকি আমেরিকা ও ইউরোপের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে তারা জানায়, ডেনমার্ক রাজ্য ও গ্রিনল্যান্ডের জনগণের প্রতি তাঁরা পূর্ণ সংহতি প্রকাশ করছেন।







