
হোয়াইট হাউসের অদূরে এলোপাথাড়ি গুলি চালানো যুবক আদতে আফগানিস্তানের নাগরিক! ২০২১ সালে বেআইনি ভাবে মার্কিন মুলুকে ঢুকেছিলেন তিনি।
এ বার এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, ঘটনার অব্যবহিত পরেই আফগান নাগরিকদের আমেরিকায় ঢোকা বন্ধ করতে কড়া পদক্ষেপ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটনে গুলি চলার ঘটনায় অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রহমানুল্লা লাকানওয়াল। ২৯ বছর বয়সি ওই যুবক আফগানিস্তানের নাগরিক। এর পরেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই ঘটনা শুধু সন্ত্রাসবাদী কার্যকলাপই নয়, বরং মানবতাবিরোধী অপরাধ। মার্কিন হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর নিশ্চিত যে, সন্দেহভাজন যুবক বিদেশি। তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, যে দেশটি বিশ্বে নরককুণ্ড বলে পরিচিত।
গুলি চলার ঘটনায় পরোক্ষে পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে বাইডেন প্রশাসন বিমানে করে ওই ব্যক্তিকে এ দেশে ঢুকিয়েছিল। এখন থেকে আফগানিস্তান থেকে আমেরিকায় আসা সমস্ত ভিনগ্রহীকে আবার পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনার পরেই সমস্ত আফগান নাগরিকের অভিবাসনের আবেদনের প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে আমেরিকা।








