
নব দম্পতির সাজে একে অপরকে জড়ানো অবস্থায় জোড়া দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে মহেশতলার ফ্ল্যাটে। জানা গিয়েছে বছর ৫৩-র তন্ময় দে এবং ৪৮ বছরের রুমা রক্ষিত দে মহেশতলার এম আর অ্যাপার্টমেন্টের ৪ তলায় ফ্ল্যাটে প্রায় ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন। তন্ময় এবং রুমা-র এটি দ্বিতীয় বিয়ে।
রুমা রক্ষিতের স্বামী মারা যাওয়ার পর তন্ময়কে বিয়ে করেন। তন্ময়ের আগের পক্ষের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। অন্যদিকে রুমার একটি মেয়ে রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন প্রত্যেকদিন মর্নিং ওয়াকে বেরতেন দম্পতি। রবিবার সকালে না বেরনোয় সন্দেহ হওয়ায় আত্মীয়দের ফোন করেন প্রতিবেশীরা। এরপর দরজা ভেঙে ২ জনের দেহ উদ্ধার হয়। দুজনেই নবদম্পতির সাজে ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্লিপিং পিল খেয়ে আত্মঘাতী হয়েছেন দম্পতি। তবে ঠিক কি কারণে আত্মঘাতী হয়েছেন তা স্পষ্ট নয়।






