
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, টিকটকের আমেরিকা অংশের মালিকানা নিয়ে আমেরিকার সঙ্গে চীনের একটি কাঠামো চুক্তি সম্পন্ন হয়েছে।মাদ্রিদে বাণিজ্য আলোচনা চলাকালে এই চুক্তি হয়। যা টিকটকের আমেরিকান অংশের মালিকানা আমেরিকার হাতে তুলে দেবে।
বেসেন্ট আরও জানিয়েছেন, আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই চুক্তি চূড়ান্ত করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন, আলোচনা খুব ভালোভাবে এগিয়েছে।অন্যদিকে, চীনও একটি কাঠামো চুক্তির কথা নিশ্চিত করলেও জানিয়েছে, কোনো চুক্তিই চীনা কোম্পানিগুলোর স্বার্থের বিনিময়ে করা হবে না। এদিকে,দীর্ঘদিন ধরে টিকটকের মূল চীনা মালিক বাইটড্যান্সকে তাদের আমেরিকান কার্যক্রম বিক্রি করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে কোনো ক্রেতা না পেলে আমেরিকায় অ্যাপটি বন্ধ ও নিষিদ্ধ হয়ে যেত।টিকটক বন্ধের হুমকির কারণেই চীনা আলোচকরা মার্কিন বাণিজ্য শুল্ক কমানোর দাবি থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
তিনি বলেন, এই বাণিজ্যিক শর্তগুলো আমেরিকার জাতীয় নিরাপত্তা স্বার্থকে রক্ষা করবে।অন্যদিকে, চীনের শীর্ষ বাণিজ্য আলোচক লি চেংগাং জানিয়েছেন, তার দেশ নিজেদের নীতি এবং চীনা কোম্পানিগুলোর স্বার্থের বিনিময়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তিতে যাবে না। যেকোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে চীনা নেতৃত্ব তা পর্যালোচনা করবে বলেও তিনি জানিয়েছেন।









