
চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে লাউতারো মার্তিনেসের জ্বলে ওঠা যেন অবধারিত। আরেকটি ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তার গোলে অবদান রাখা মেহদি তারেমি পরে নিজেও পেলেন জালের দেখা।
কিন্তু দু’ গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল তারা।সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান।দ্বিতীয়ার্ধে থিও এরনঁদেজ ও ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন ট্যামি আব্রাহাম।প্রথম দল হিসেবে টানা চারবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ইন্টার। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই চ্যাম্পিয়নশিপ জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড ইউভেন্তুসের। এর আগে সিজনে দলের বাজে পারফরম্যান্সে সম্প্রতি পাউলো ফনসেকাকে বরখাস্ত করে সের্হিও কন্সিকাওকে কোচের দায়িত্ব দেয় এসি মিলান। তার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই চ্যাম্পিয়নশিপর স্বাদ পেল তারা।ইতালিয়ান সুপার কাপের গতবারের ফাইনালে মার্তিনেসের একমাত্র গোলেই নাপোলিকে হারিয়েছিল ইন্টার। এর আগের দুটি এক ম্যাচের চ্যাম্পিয়নশিপ লড়াইয়েও জালের দেখা পেয়েছিলেন লাউতারো মার্তিনেস।









