
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেছেন জম্মু -কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
বৈঠকের পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটি কেবলই একটি সৌজন্য সাক্ষাৎ। তবে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো এবং সেখানকার বাস্তব পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিন দিন আগেই কাশ্মীরের সোনমার্গের কাছে জঙ্গি হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন শ্রমিক এবং এক চিকিৎসকও। ওই জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওমর আবদুল্লার সাক্ষাৎ-পর্ব উভয়ের বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। অন্যদিকে সূত্রের খবর, বৈঠকে অমিত শাহ উপত্যকার নতুন সরকারকে পূর্ণ সমর্থন করবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি ওমর আবদুল্লাকে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন।
ছবি সৌজন্যে : এক্স








