
ডিসেম্বরের মাঝামাঝি এসেও শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে! ১৫-১৬ ডিগ্রির ঘরে ওঠানাম করছে কলকাতার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারই নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। তবে আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকার সম্ভাবনা। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বুধবার ভোরে তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।
পশ্চিমের জেলাগুলিতেও পারদ রয়েছে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে। উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।






