
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়াকাণ্ডে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
সোমবার সকাল থেকে উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় সরব হয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে জেপি নাড্ডা বলেছেন, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। নৃশংসতা চরমে। অথচ তৃণমূল কংগ্রেসের ক্যাডার ও বিধায়করা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। সন্দেশখালি হোক বা উত্তর দিনাজপুর বা অন্য কোনও জায়গা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়। অন্যদিকে, দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া।বলেছেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজের আরেকটি নজির প্রকাশ্যে এসেছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় এক মহিলাকে পেটানো হয়েছে। সঙ্গে আরেক ব্যক্তিকেও মারা হয়েছে।তৃণমূল কংগ্রেসের এক নেতা আছে, নাম তাজিমুল ওরফে জেসিবি। তিনি ভারতের সংবিধানে আস্থা রাখেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সংবিধানে আস্থা নেই। জঙ্গলরাজ দেখতে কেমন হয়। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের মতো দেখতে হয়।









