
দারুণ শুরুর পর খেই হারাল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে তাদের ওপর একচেটিয়া চাপ ধরে রাখল টটেনহ্যাম হটস্পার। কিন্তু পুরোনো সাফল্যের পুনরাবৃত্তি এবার আর করতে পারল না তারা।
কষ্টে হলেও জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি।ম্যাচের শুরুর দিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চোট কাটিয়ে ফেরা আর্লিং হলান্ড।টটেনহ্যামের বিপক্ষে চলতি সিজনে আগেও দুবার দেখা হয়েছিল সিটির, এবং দু’ ম্যাচেই হেরেছিল তারা। অক্টোবরে গুয়ার্দিওলার দলকে লিগ কাপ থেকে বিদায় করে দেয় টটেনহ্যাম, পরের মাসে তাদের বিপক্ষে ঘরের মাঠেই লিগে ৪-০ গোলের ভরাডুরি হয় চ্যাম্পিয়নদের। সিজনে সিটির হতাশার গল্প অবশ্য আরও দীর্ঘ। প্রিমিয়ার লিগে গত তিন রাউন্ডের দুটোতেই যেমন পরাজয়, আর্সেনাল ও লিভারপুলের বিপক্ষে,এর মাঝে চলতি মাসেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়।
ব্যর্থতায় ঠাসা পথচলায় মাসের শেষে এসে অবশেষে স্বস্তির হাওয়া লাগল সিটি শিবিরে।আসরে ম্যানচেস্টার সিটির এটা চতুর্দশ জয়। সঙ্গে আরও পাঁচটি ড্রয়ে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।









